নৌকার প্রার্থীর কার্যালয়ে আগুন, ২১৯ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের অভিযোগে ৬৯ জনের নাম উল্লেখ করে মোট ২১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে গোপালনগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম বাদী হয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে
মামলাটি করেন। মামলায় ওই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মহিশুরা গ্রামের সোলায়মান আলী, তার ভাই শিক্ষক শামছুল হক, ছেলে ও ভাতিজাকে অন্যতম আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোরে প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আনোয়ারুল ইসলামের সমর্থক সোলায়মান আলী ও শিক্ষক শামছুল হকসহ তাদের লোকজন মহিশুরা বাজারে নৌকার প্রার্থীর অফিসে হামলা হামলা চালায়। এরপর তারা নির্বাচনি অফিসের নৌকা প্রতীক ও পোস্টারে অগ্নিসংযোগসহ চেয়ার টেবিল ভাঙচুর করে।

এ প্রসঙ্গে নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, বিএনপির প্রার্থীর
সমর্থকরা তার বিভিন্ন অফিসে হামলা ও ভাঙচুর করছে।

এ বিষয়ে বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, ‘নৌকার প্রার্থী নিজেই নিজের অফিস ভাঙচুর করে আমার সমর্থকদের হয়রানিসহ বাড়ি বাড়ি গিয়ে হামলাও করছে। আমার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং ভোটারদের কেন্দ্রে না যেতেও নৌকার প্রার্থী হুমকি দিচ্ছেন।’

এ বিষয়ে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনি অফিসে হামলার অভিযোগে মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।