পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় ঈশ্বরদীর দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়কের সড়ইকান্দিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার সড়ইকান্দি ফতেপুর গ্রামের মৃত আফের সরদারের ছেলে সেলিম সরদার (৩৫) এবং জগন্নাথপুর গ্রামের জফির উদ্দিনের ছেলে আমির প্রামানিক (৩০)।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল বাশার জানান, বেলা ১১টার দিকে একটি মালবাহী ট্রাক মুলাডুলি থেকে ঈশ্বরদী যাচ্ছিল। এ সময় সড়ইকান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। এ সময় দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।