নির্বাচনি প্রচারণার গাড়ি উল্টে প্রাণ গেলো কিশোরের

জয়পুরহাট সদর উপজেলায় নির্বাচনি প্রচারণার ভটভটি উল্টে আরাফাত হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আট জন।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আমদই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আরাফাত সদর উপজেলার হাটুভাঙ্গা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আগামী ২৬ ডিসেম্বর আমদই ইউনিয়ন পরিষদে নির্বাচন। ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী বকুল হোসেন এলাকায় ভটভটি নিয়ে নির্বাচনি প্রচারণা চালান। এ সময় আমদই ইউনিয়নের বাকীলা নামক স্থানে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত নয় জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে  জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়।

আরাফাতের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ইউপি সদস্য প্রার্থী বকুল হোসেন বলেন, এটা একটা দুর্ঘটনা। আরাফাতের মৃত্যুর বিষয়টি দুঃখজনক।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।