সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গৃহবধূর (৩০) চুল ও ভ্রু কেটে নির্যাতনের ঘটনায় স্বামী-শাশুড়িসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোরে শাহজাদপুর ও ঢাকার সাভার থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলো—উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ভুক্তভোগীর স্বামী মেহেদী হাসান সুজন (৪৩), শাশুড়ি ময়না বেগম (৫৫) ও দেবর সুমন (৩৫)।
র্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৫ বছর আগে সুজনের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। সুজন গার্মেন্টসে চাকরি করে। সেই সূত্রে সপরিবারে ঢাকায় বাসবাস করতো। গত ৩ ডিসেম্বর শাহজাদপুরে বেড়াতে আসে। ১৫ ডিসেম্বর পারিবারিক কলহের জেরে গৃহবধূর চুল ও চোখের ভ্রু কেটে দেয় সুজন। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর মা ২০ ডিসেম্বর শাহজাদপুর থানায় মামলা করেন। আসামিদের গ্রেফতারে র্যাব-১২ এর কাছে অভিযোগ করেন।
মঙ্গলবার ভোরে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযানে শাহজাদপুর ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সকালে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।