জয়পুরহাটে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট-জামালগঞ্জ রোডের জয়পুরহাট পৌর এলাকার বিহারীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকার নাম হাজেরা খানম (৪০)। তিনি গতনশহর দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষিকা। তার স্বামী বজলুর রশিদ জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তারা শহরের শাপলানগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামীর মোটরসাইকেলের পেছনে বসে হাজেরা খানম দুপুরের দিকে বাড়িতে যাচ্ছিলেন। শহরের বাটার মোড় পার হয়ে জামালগঞ্জ রোডের বিহারীপাড়া এলাকায় পৌঁছালে হাজেরা অসাবধানতাবশত মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও স্বামী বজলুর রশিদ তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট থানার ওসি আলমগীর জাহান বলেন, হাজেরা খানম মোটরসাইকেল থেকে পড়ে গেলে একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ তার পরিবার নিয়ে গেছে।