রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৯১ জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৪৩ দশমিক ৮৯ শতাংশ।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত চারজন রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭০৫ জনে। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩০টি নমুনা পরীক্ষায় ৮৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৮ হাজার ৯৯৯ জনের।
২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ৬২৪টি নমুনা পরীক্ষায় ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৬০ দশমিক ৪২। চাঁপাইনবাবগঞ্জে ১০৬টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের, নাটোরে ১৩৮টি নমুনা পরীক্ষায় ৬৩ জনের, নওগাঁয় ৭৪টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের, সিরাজগঞ্জে ৮৮টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের, জয়পুরহাটে ১৪০টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের, বগুড়ায় ৩৪৩টি নমুনা পরীক্ষায় ১৩৫ জনের ও পাবনায় ৫১৭টি নমুনা পরীক্ষায় ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।