ট্রেনে কাটা পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রেজাউল করিম (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের সাবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেজাউল করিম বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি ওই গ্রামের সাবেক মেম্বার ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রেজাউল বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের পেছনে রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সান্তাহার ছেড়ে আসা বোনারপাড়াগামী আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। তখন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নারুলী পুলিশ ফাঁড়ির এএসআই আউয়াল বলেন, রেজাউল করিম কীভাবে ট্রেনে কাটা পড়লেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। এছাড়া তিনি আত্মহত্যা করেছেন বা তাকে কেউ হত্যা করেছে কিনা সে বিষয়েও তথ্য মেলেনি। তবে ধারণা করা হচ্ছে, তিনি অসর্তকভাবে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন।

তিনি জানান, রেলওয়ে সান্তাহার থানার সদস্যরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।