২ অটোরিকশার পাল্লা, ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো নারীর

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সখিনা বেগম (৫০) নামে এক নারী নিহত ও তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উপজেলার মোকামতলা-সোনতলা সড়কের দহপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত সখিনা বেগম বগুড়ার সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী। মঙ্গলবার দুপুরে উপজেলার মোকামতলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা অন্য একটি অটোরিকশার সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় সোনাতলাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সখিনা বেগম, সোনাতলা উপজেলার দীঘিরপাড়ার বাদশা মিয়া (৬৩), তার স্ত্রী মরিয়ম বেগম (৫২) ও প্রতিবেশি ফজলুল করিমের স্ত্রী বিউটি বেগম (৫০) আহত হন।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সখিনা বেগমকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনার পর বিকল হওয়া ট্রাক ও অটোরিকশা হেফাজতে নিয়েছে। এর আগে চালক ও হেলপার পালিয়ে যায়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনোয়ারুল ইসলাম জানান, আহতদের মধ্যে বিউটি বেগমের অবস্থা আশঙ্কাজনক। নিহতের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।