জয়পুরহাটের ফিলিং স্টেশনগুলোতে গত দুইদিন ধরে পেট্রল তেলের সংকট দেখা দিয়েছে। তেল না পেয়ে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন যানবাহন চালক ও মালিকরা। সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলার পাকার মাথা এলাকার মামুন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে মোটরসাইকেল নিয়ে অনেকেই পেট্রল নিতে এসেছেন। কিন্তু স্টেশন থেকে জানিয়ে দেওয়া হচ্ছে পাম্পে পেট্রল নেই, প্রয়োজনে অকটেন নেওয়া যাবে।
ক্ষেতলালের দক্ষিণ হাট শহর থেকে মোটরসাইকেলে পেট্রল নিতে আসা সানাউল ইসলাম বলেন, জয়পুরহাট শহরে কিছু জিনিস কিনতে এসেছিলাম। বাড়িতে যাওয়ার পথে পেট্রল নিতে এসে জানতে পারি তেল নেই। এখন কোনও উপায় না পেয়ে অকটেন কিনতে হচ্ছে।
ওই পাম্পের ম্যানেজার সিরাজুল ইসলাম বলেন, রবিবার সকাল থেকে পাম্পের তেল শেষ হয়েছে। আমরা বাঘাবাড়ি ডিপো থেকে কোনও পেট্রল পাচ্ছি না। আমাদের কাছে যে পরিমাণ জমা ছিল তাও শেষ হয়েছে। অল্প কিছু অকটেন রয়েছে তাও চাহিদার তুলনায় অপ্রতুল।
আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক মন্টু কবিরাজ বলেন, প্রতি বছরই এ সময়ে এমন সমস্যা হয়। কিন্তু ডিপো থেকে কোনও কারণ জানায় না। বর্তমানে আমার ফিলিং স্টেশনে যেটুকু পেট্রল আছে, তা পরিচিত জন ও বিপদে পড়া লোকদের দেওয়া হচ্ছে। যারা পাইকারি কিনে তাদের দেওয়া বন্ধ করা হয়েছে।