রাজশাহীর দুর্গাপুরে ফের সক্রিয় হিজবুত তওহীদ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আবারও সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তওহীদ। পুলিশ ও প্রশাসনের নজর এড়িয়ে উপজেলার বিভিন্ন দোকানে জিহাদি পত্রিকা ও লিফলেট বিতরণ করছে তারা।
বৃহস্পতিবার জঙ্গি সংগঠনটির দু’জন নারী কর্মী উপজেলা সদরের বিভিন্ন দোকান ও ব্যক্তির কাছে এসব লিফলেট ও পত্রিকা বিতরণ করেন। এসব পত্রিকায় দেশের শাসন ব্যবস্থা ও সরকারবিরোধী আটটি প্রবন্ধ রয়েছে।
দুর্গাপুর উপজেলা মোড়ের ফটোকপি ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে দু’জন অপরিচিত নারী হিজবুত তওহীদের পরিচয় দিয়ে পুস্তিকা সাদৃশ্য কিছু বই ও লিফলেট বিলি করতে থাকেন। এসময় তারা তাকেও একটি মাসিক পত্রিকা কিনতে অনুরোধ করেন। ওই দুই নারীর অনুরোধে ১০ টাকা দিয়ে একটি পত্রিকা তিনি কিনে নেন। পত্রিকাটিতে বর্তমান সরকার ও সরকারের শাসন ব্যবস্থাকে কটাক্ষ করে মোট ৮টি প্রবন্ধ লেখা রয়েছে।
এদিকে অনেকদিন পরে আবারও হিজবুত তওহীদ এ ধরনের তৎপরতা শুরু করায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে জঙ্গি সংগঠনটি মাথাচাড়া দিয়ে ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, ‘সংগঠনটি একবারে নিষিদ্ধ করা হয়েছে এই মর্মে আমাদের কাছে কোনও ধরনের তথ্য নেই। তবে তাদের কার্যক্রম ও গতিবিধি পুলিশের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। এর আগেও তাদের কয়েকজন সদস্যকে এ এলাকায় পত্রিকা লিফলেট বিলির সময় গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটে এ ধরনের কোনও কার্যক্রম চলতে দেওয়া হবে না।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ নভেম্বর দুর্গাপুর থানা এলাকায় হিজবুত তওহীদের চার সদস্যকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, সংগঠনের পুস্তিকা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছিলো।

 

/টিএন/