পাবনার সুজানগর পৌরসভার কর্মচারী ও সাবেক ছাত্রলীগ নেতা আল-আমিন হত্যার ঘটনায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের নাম প্রত্যাহার চেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সংবাদ সম্মেলনের পর তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছেন দলীয় নেতাকর্মীদের একাংশ। একইসঙ্গে সুজানগরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা।
দলীয় ও অঙ্গ সংগঠনের ব্যানারে মঙ্গলবার (২২ মার্চ) বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান সমর্থিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভ শেষে পৌরসভার সামনে আব্দুল ওহাবের কুশপুত্তলিকা দাহ করেন তারা।
তাদের দাবি- আল-আমিন হত্যাকাণ্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে সোমবার সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।
সুজানগরের রাজনীতিকে কুলষিত করার অভিযোগে আব্দুল ওহাবকে তারা সুজানগরে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, আল-আমিন আওয়ামী পরিবারের সন্তান। তাকে হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করলে তার পরিণতি ভালো হবে না।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দফতর সম্পাদক রেজা মন্ডল, ইউনুস আলী বাদশা, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।