চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দু’জনের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কুরিয়ার সার্ভিসে চাকরি দেওয়ার নামে আজিজুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ায় দু’জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় এ মামলা করেন।

আসামিরা হলেন,  শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ি গ্রামের আবদুল বাছেদ এবং মীরের চক গ্রামের শহিদুল ইসলাম।

এজাহারে সূত্রে জানা গেছে, শিবগঞ্জের দামাহার গ্রামের আজিজুর রহমানের সঙ্গে একই এলাকার শহিদুল ইসলামের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। শহিদুল ইসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি করেন বলে পরিচয় দেন। আরেক আসামি আবদুল বাছেদ প্রচার করেন যে, শহিদুল ইসলাম ইতিমধ্যে অনেককে চাকরি দিয়েছেন। তারা বেকার আজিজুর রহমানকে বিমানবন্দরের কার্গো ভিলেজ কুরিয়ার সার্ভিসে চাকরি দেওবার প্রস্তাব দেন। বিনিময়ে তার কাছে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। আজিজুর চাকরির আশায় ২০১৪ সালের ১৫ মে ৬৫ হাজার এবং পরদিন ৪০ হাজার টাকা দেন। ১৭ জুন তিনি চাকরির নিয়োগপত্রের জন্য আসামিদের তাগাদা দেন। কিন্তু তারা নিয়োগপত্র না দিয়ে তালবাহানা শুরু করে। পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করলেও আজ পর্যন্ত দেননি।

এরপর মামলাটি করে দুদক। শিবগঞ্জ থানার ওসি জানান, মামলাটি রেকর্ড করা হয়েছে।

 

/এসটি/