বগুড়ার দুপচাঁচিয়ায় মোসলেম উদ্দিন (৪২) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ পূর্বপাড়ার বটগাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে, রবিবার রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ পূর্বপাড়া গ্রামে প্রেমিকার বাড়িতে স্বামীর সঙ্গে তার ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল। লাশ উদ্ধারের পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোসলেম উদ্দিন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ পূর্বপাড়ার মৃত আবদুল জোব্বার শাহের ছেলে। স্ত্রী-সন্তান থাকার পরও তিনি প্রতিবেশী দিনমজুর ওমর ফারুকের স্ত্রীর সঙ্গে প্রেম করে আসছিলেন।
রবিবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান মোসলেম। প্রেমিকার স্বামী তাকে দেখে ধরে ফেলেন। তখন দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ সময় মোসলেমের মারধরে ওমর ফারুক মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সুযোগে মোসলেম পালিয়ে যান। পরে ফারুককে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে পুকুর পাড়ে বটগাছের ডালে মোসলেমের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি আবুল কালাম আজাদ বলেন, মোসলেম উদ্দিন কয়েক মাস ধরে প্রতিবেশী ওমর ফারুকের স্ত্রীর সঙ্গে প্রেম করে আসছিলেন। রবিবার রাতে প্রেমিকার বাড়িতে যাওয়ার পর তার স্বামী ফারুকের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আমাদের ধারণা, প্রেমিকার স্বামীর হাতে ধরা পড়ায় লোকলজ্জায় মোসলেম আত্মহত্যা করেছেন। তবে এ নিয়ে তার পরিবার কোনও অভিযোগ করেনি। এমনকি ফারুকও কোনও অভিযোগ করেনি। এরপরও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।