স্ত্রীকে হত্যার পর নাম-ঠিকানা পাল্টে ২৭ বছর পালিয়ে ছিলেন

দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. নজরুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আসামি মো. নজরুল ইসলাম রাজশাহীর তানোর থানার মৃত ভন্ডু মন্ডলের ছেলে। রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, নিজ স্ত্রীকে হত্যার দায়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ১৯৯৫ সালের ২৭ মে তানোর থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হয়। মামলাটি তদন্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে রাজশাহীর দায়রা জজ আদালতে সাক্ষ্যপ্রমাণ শেষে ৩০২ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তার যাবজ্জীবন কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আসামি মামলার হওয়ার পরপরই এলাকা থেকে পালিয়ে যান। তার বিরুদ্ধে আদালত থেকে সাজা পরোয়ানা দেওয়া হয়। আসামি তানোর থানা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিয়ে নাম-ঠিকানা পাল্টে নতুন জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড তৈরি করেন। সেখানে দ্বিতীয় বিয়ে করে বসবাস শুরু করেন। বর্তমানে ঢাকায় শ্রমিকের কাজ করছিলেন। মাঝেমধ্যেই চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে আসে।