স্ত্রী-সন্তানের পর হাসপাতালে মারা গেলেন আকতার 

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মাটিবাহী ট্রাক্টর চাপায় নিহতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে। রবিবার (১৫ মে) বিকাল ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আকতার হোসেন মারা যান। এর আগে, তার স্ত্রী ও চার বছরের শিশুকন্যার মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুল মান্নান নামের আরও একজন প্রাণ হারিয়েছেন।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিন মণ্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৮), একই জেলার নিয়ামতপুর উপজেলার চণ্ডিপুর গ্রামের আকতার হোসেন (৩৫), তার স্ত্রী বীথি খাতুন (৩৩) ও তার মেয়ে মরিয়ম জান্নত (৪)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরেজের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মাটিবাহী ট্রাক্টর চাপায় মা-মেয়েসহ তিন জন নিহত হন। এ ঘটনায় আহত একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। বিকালে তিনিও মারা যান।

পবা থানার ওসি ফরিদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরেজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার যাত্রী সড়কে ছিটকে পড়েন। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি রাজশাহী থেকে মান্দার দিকে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, অপর মোটরসাইকেলে আকতার হোসেন ও তার স্ত্রী বীথি খাতুন এবং কন্যাসন্তান মরিয়ম ছিলেন। এদের মধ্যে মরিয়ম ঘটনাস্থলে এবং বীথিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর আকতার হোসেন চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃত্যুবরণ করেন। 

ওসি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর চালক তার ট্রাক্টর ফেলে পালিয়েছেন। পরে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটিও থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহত আকতারের ভাই একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।