জামিনে মুক্তি পেলেন তানোর পৌরসভার নব নির্বাচিত মেয়র মিজান

রাজশাহীজামিনে মুক্তি পেয়েছেন রাজশাহীর তানোর পৌর মেয়র ও যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান। মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা বিএনপির দফতর সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এর আগে গত রবিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ৫ মিনিটে প্যারোলে মুক্তি পেয়ে হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ে তানোর পৌর মেয়র হিসেবে শপথ নেন তিনি। বিভাগীয় কমিশনার অফিসে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। শপথবাক্য পাঠ শেষে পৌর মেয়র মিজানুর রহমান মিজানকে পুনরায় জেলহাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত, মেয়র হিসেবে শপথ নিতে আসার সময় ২০ জানুয়ারি দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমির সামনে থেকে তানোর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন (২১ জানুয়ারি) তাকে ৭ জানুয়ারি জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
/বিটি/টিএন/আপ-এআর/