এক কেজি হেরোইন উদ্ধার, ২ আসামির যাবজ্জীবন

নাটোরে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ি শিবসাগর এলাকার আনিস মণ্ডলের ছেলে বেলাল হোসেন এবং একই জেলার পবা উপজেলার দাদপুর পশ্চিম পাড়া এলাকার অছির উদ্দিন সরকারের ছেলে আব্দুল মান্নান।

কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের ২০ মার্চ সদর থানার এসআই পরিতোষ সঙ্গীয় ফোর্সসহ হরিশপুর পুলিশ লাইন্স এলাকায় গোদাগাড়ি থেকে জামালপুরগামী একটি মাইক্রোবাসে
তল্লাশি চালায়। এ সময় ওই মাইক্রোবাস থেকে ৫৮ লাখ ৯৬ হাজার টাকা মূল্যমানের এক কেজি ৪৭৪ গ্রাম হেরোইন জব্দ করে এবং মাইক্রোবাসটি আটক করা হয়। এ সময় মাদক বহনের দায়ে ওই দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। ওই ঘটনায় পর দিন ২১ মার্চ এসআই পরিতোষ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

তিনি আরও জানান, দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে ওই  দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।