সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় আহত ট্রাকচালক মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহত বেড়ে চার জনে দাঁড়ালো।
শনিবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ট্রাকচালকের বাড়ি নাটোর সদরে বলে জানা গেছে।
খালকোলা বাজার এলাকার ওহী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক রফিকুল ইসলাম ও জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুল আলম জানান, আহত ট্রাকচালককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নাটোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে কিছু দূর যাওয়ার পর তিনি মারা যান। পরে তাকে নিয়ে ফিরে আসেন অ্যাম্বুলেন্সচালক।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আরপি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। বাসটি ভুল লেনে গিয়ে একটি দাঁড়ানো ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসটি দাঁড়ানো ট্রাকসহ গিয়ে আরেকটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন। পরে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কে মারা গেছে জানি না। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।