সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় ছোট পাথর আমদানি বন্ধ

প্রতিবছর নিম্নমানের পাথর সরবরাহ ও দফায় দফায় পাথরের মূল্য বৃদ্ধির কারণে ভারতীয় ছোট পাথর আমদানি বন্ধ রেখেছে আমদানিকারকরা। শনিবার সকাল থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এই পাথর আমদানি করা হতো।
সোনামসজিদ স্থলবন্দর পাথর বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী সাহাবুদ্দিন জানান, এ ব্যাপারে ৫.০২.২০১৬ মধ্যে এর সমাধান চেয়ে বাংলাদেশি আমদানিকারকরা গত ৩১ জানুয়ারি ভারতের মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দেয়। কিন্তু মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এ বিষয়ে কোনও সাড়া না দেওয়ায়, শনিবার সকাল থেকে ছোট পাথর আমদানি বন্ধ রেখেছেন।
আমদানিকারকরা জানান, বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ছোট পাথর আমদানি বন্ধ থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, ছোট পাথরের দফায় দফায় দাম বৃদ্ধিসহ নিম্নমানের পাথর সরবরাহ করায় আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
এদিকে,দেশের চলমান বৃহৎ প্রকল্প পদ্মা সেতু ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিংহভাগ পাথর আমদানি করা হচ্ছিল এই বন্দর দিয়ে। এ অবস্থায় ভারত থেকে পাথর আমদানি বন্ধ থাকলে পদ্মা সেতু ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ বিলম্বিত হওয়ার আশংকা করছেন ব্যবসায়ীরা।
/জেবি/টিএন/আপ-এআর/