রাজশাহীতে অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন জেলা সিভিল সার্জন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে কয়েকটি টিম অভিযানে নেমেছে।
জানা গেছে, রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ ফারুকের নেতৃত্বে একটি টিম অভিযানে যায়। অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করে পালিয়ে যায় মালিক-কর্মচারীরা। নগরীর লক্ষ্মীপুর এলাকার অবৈধ লাইসেন্সবিহীন ক্লিনিকগুলোতে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে।
সিভিল সার্জন আবু সাইদ বলেন, ‘রাজশাহীতে এই অভিযান অব্যাহত থাকবে। নগরীতে তিনটি এবং ৯ উপজেলায় ৯টি টিম অভিযান শুরু করেছে। কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকালে সেগুলোর বিষয়ে আদেশ দেওয়া হবে।’
নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া বা চিকিৎসার নামে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না বলে জানান তিনি।