জয়পুরহাটে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারী ও কীটনাশক ছিটাতে গিয়ে এক কৃষক মারা গেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) সদর, কালাই ও আক্কেলপুর উপজেলার পৃথক তিনটি স্থানে এসব ঘটনা ঘটে।
পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন সদর উপজেলার পুরানাপৈল দস্তপুর গ্রামের মাহমুদ হোসেনের স্ত্রী মোছা. নাসিমা খাতুন (৪০), কালাই উপজেলার মূলগ্রাম মধ্যপাড়ার মজিদা বেগম (৬৫) এবং আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের লোকমান খলিফা (৬২)।
স্বজনরা জানান, নাসিমা খাতুন সকাল ৮টার দিকে স্বামীর ব্যাটারিচালিত আটোগাড়ির চার্জার খুলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কালাইয়ের মূলগ্রাম মধ্যপাড়ার মজিদা বেগমের ছেলে তার হাতে মাছ দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলেন। পরে মাছ জানালা দিয়ে বাড়িতে রাখতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আক্কেলপুরে জমিতে সার দিতে গিয়ে কৃষক লোকমান খলিফা পুকুরের পানিতে পড়ে প্রাণ হারান। দুপুরে উপজেলার কাশিড়া গ্রামের ফসলি মাঠের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লোকমান কাশিড়া গ্রামের বাসিন্দা।
আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, জমিতে সার দিতে গিয়ে লোকমান খলিফা নামে ওই কৃষক পুকুরের পানিতে পড়ে মারা গেছেন। লোকমান খলিফা মৃগী রোগী ছিলেন বলে তার স্বজনেরা জানিয়েছেন।