শাজাহানপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় হাফসাতুল মাওয়া জেরিন (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর নতুনপাড়ার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জেরিন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে কর্মরত কর্পোরাল রবিউল ইসলামের বড় মেয়ে। সে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামে। সেনাসদস্য রবিউল ইসলাম শাজাহানপুরের সাজাপুর নতুনপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। লাশ উদ্ধারের ঘটনায় মা জেনি বেগম শাজাহানপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে রবিউল ইসলাম ও তার স্ত্রী গ্রামের বাড়িতে যান। বড় মেয়ে হাফসাতুল মাওয়া জেরিন ও ছোট মেয়ে শাজাহানপুরেই ছিল। শুক্রবার দুপুরে জিনিয়া পাশের ঘরে ঘুমিয়ে পড়ে। বিকাল ৪টার দিকে ঘুম থেকে উঠে পাশের ঘরে গিয়ে দেখে, জেরিন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। খবর পেয়ে সন্ধ্যায় শাজাহানপুর থানা পুলিশ ও সেনা সদস্যরা জেরিনের ঝুলন্ত লাশ মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্ত সম্পন্নের পর শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।