সিরাজগঞ্জ পৌর শহরের এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে দুর্নীতি-অনিয়মের দায়ে ম্যানেজিং কমিটি সাময়িক বরখাস্ত করেছে। এতে ওই শিক্ষক ক্ষুদ্ধ হয়ে তার কাছে প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থী ও বহিরাগতদের নিয়ে স্কুলে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও ফ্যান ভাঙচুরসহ লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলের অধ্যক্ষ বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠান।
মামলায় অভিযোগ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের থেকে আদায় করা অর্থ স্কুল ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্তের চিঠি পাওয়ার পরই শিক্ষক আরিফুল ইসলাম স্কুলের অধ্যক্ষের সঙ্গে অসদাচরণ করেন। পরে গত ১২ সেপ্টেম্বর কিছু শিক্ষার্থী ও বহিরাগতদের নিয়ে লাঠিসোটাসহ এসে স্কুলের চেয়ার-টেবিল, গেট-দরজাসহ অন্যান্য মালামাল ভাঙচুর করেন। এতে প্রায় প্রতিষ্ঠানের দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এছাড়া ছয় হাজার টাকা মূল্যের দুটি সিলিং ফ্যান নিয়ে যায় হামলাকারীরা।
এ ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদের পরামর্শে স্কুলের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বাদী হয়ে আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, শিক্ষক আরিফুল ইসলামের বিরুদ্ধে ভাঙচুর ও ফ্যান চুরির অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।