সিরাজগঞ্জের তাড়াশে সিআইডি পুলিশ পরিচয়ে টাকা না দিয়েই দোকান থেকে সদাই নেওয়ার চেষ্টায় এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে তাড়াশ পৌর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক মনিরুল ইসলাম মনি (৩২) নাটোরের গুরুদাসপুর উপজেলার আনন্দনগর এলাকার মো. সাইদুর ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম।
তাড়াশ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেরাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, দুপুরে তাড়াশ পৌর এলাকায় সিআইডি সদস্য পরিচয় দিয়ে মুদি দোকান থেকে মালামাল নেওয়ার চেষ্টা করেন আটক মনি। এ সময় দোকানির সঙ্গে তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ অবস্থায় আশপাশের ব্যবসায়ীরা এক হয়ে মনিকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
তাড়াশ পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাঁন বলেন, মনিরুল ইসলাম মনি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে বেড়ায়। ইতোপূর্বে সে জেলার বাইরে বেশ কয়েকবার জনতার হাতে গণধোলাইসহ জেল হাজত খেটেছে। বর্তমানে মনিরুল ইসলাম মনির নামে চারটি মামলা রয়েছে বলেও জেনেছি।
তাড়াশ থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, মনিরুল ইসলাম মনি নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। সে নাকি দোকানদারের কাছ থেকে জিনিসপত্র নিয়ে নিজেকে সিআইডি পুলিশ হিসেবে পরিচয় দিয়ে টাকা দিতে চায়নি। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।