বগুড়ায় জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান ফের গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল ইসলাম মণ্ডলকে আবারও গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে ডিবি পুলিশ তাকে আদালত চত্বর থেকে গ্রেফতার করে। এর আগেও তিনি তিনবার গ্রেফতার হন।
জানা গেছে, গত ২০১৩ সালের ৩ মার্চ চাঁদে সাঈদীকে দেখানোর নামে গুজব ছড়িয়ে সহিংসতা ঘটানোর মামলায় নুরুল ইসলাম মণ্ডল আসামী হন। এ মামলায় তিনি জামিনে ছিলেন। বুধবার দুপুরে তিনি মামলার হাজিরা দিতে জেলা জজ কোর্ট চত্বরে পৌঁছালে সেখানে থাকা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
ডিবির ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, নাশকতার মামলার ওয়ারেন্টমূলে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
জামায়াতের নেতাকর্মীরা জানান, নুরুল ইসলাম এর আগে তিনবার গ্রেফতার হয়েছিলেন। তিনি ছাড়াও জামায়াত সমর্থিত দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি মণ্ডল ও শেরপুর উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান বর্তমানে কারাগারে আছেন। এছাড়া জামায়াত সমর্থিত কাহালু উপজেলা চেয়ারম্যান মাওলানা তায়েব আলী ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।
/এআর/