বগুড়া শহরের একটি বাসা থেকে জেওন আফরোজ কণিকা (৩৯) নামে এক প্রধান শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের পুরান বগুড়া মোল্লাপাড়ার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেওন আফরোজ কণিকা বগুড়া সদর উপজেলার কৈচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তার স্বামী সিরাজুল ইসলাম যশোরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এই দম্পতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েছেন। তাদের দুটি শিশু সন্তান রয়েছে। তারা বগুড়া শহরের পুরান বগুড়া মোল্লাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
রবিবার কণিকা সন্তানদের নিয়ে নিশিন্দারা উপশহরে মামা বাড়ি যান। সোমবার সকালে তিনি স্কুলে যাওয়ার নামে সন্তানদের সেখানে রেখে বাসায় ফেরেন। সকাল ৯টার দিকে তিনি মোবাইল ফোনে স্বামীর সঙ্গে ঝগড়া করেন। কিছু একটা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছে। দুপুরে শয়ন ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখেন স্বজনরা। খবর পেয়ে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠান।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই রুবেল সরকার জানান, দাম্পত্য কলহে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এরপরও ময়নাতদন্তের তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় নিহতের ভাই সদর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।