সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রেষ্ঠত্ব’ নিয়ে তর্ক-বিতর্কের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং ও ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে। এতে ফাইন্যান্স বিভাগের ফারাবি নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় সোমবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
২০২১-২২ সেশনের এই শিক্ষার্থী তার অভিযোগপত্রে উল্লেখ করেন, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘টুকিটাকি’ চত্বরে তিনি চা পান করছিলেন। সেসময় সেখানে উপস্থিত ছিলেন একই সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জয়, ফরহাদ ও রাফি। আড্ডার একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এসময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা নিজেদের রাজশাহীর ‘লোকাল’ দাবি করে ফারাবিকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে তার বিভাগের এক বড়ভাই এসে ঘটনাস্থলে বিষয়টির মীমাংসা করে দেন।
ভুক্তভোগীর অভিযোগ, এ ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে গ্রাফিক্স ডিজাইন বিভাগের (চারুকলা অনুষদের) অন্তর কল দিয়ে আবারও বিষয়টি মিটমাটের জন্য তাকে ডেকে নেন। তিনি মেস থেকে নেমে মন্ডলের মোড়ে যান। ফারাবির দাবি ঘটনাস্থলে যাওয়া মাত্রই আগে থেকে দাঁড়িয়ে থাকা জয়, ফরহাদ, রাফিসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি এবং বাঁশের লাঠি দিয়ে পেটান। পরে কয়েকজন তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই বিভাগের শ্রেষ্ঠত্ব নিয়ে তর্ক-বিতর্ক হয়। পরে দুই বিভাগের শিক্ষার্থীরা বিষয়টি মীমাংসা করার জন্য টুকিটাকি চত্বরে আলোচনায় বসে। এসময় দুই পক্ষের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরবর্তী সময়ে আল ফারাবিসহ কয়েকজনকে ডেকে নিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের মারধর করেন অভিযুক্তরা। মূলত সংঘর্ষ দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হলেও অন্য বিভাগের শিক্ষার্থী জয়ের স্থানীয় বন্ধুরাও এ ঘটনায় জড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থী বলেন, ফেসবুক গ্রুপে বিভাগের শ্রেষ্ঠত্ব নিয়ে তর্কাতর্কিতে জড়ায় দুই বিভাগের শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে বিষয়টি মীমাংসার জন্য টুকিটাকি চত্বরে তারা বসেন। কিন্তু সেখানেও তারা তর্কে জড়ায়, পরে এই ঘটনা মারামারিতে গড়ায়।
এ বিষয়ে জানতে চাইলে ‘কোনও ধরনের মন্তব্য করতে বাধ্য নন’ বলে জানান অভিযুক্ত শিক্ষার্থী জয়।
আরেক অভিযুক্ত অন্তর বলেন, ‘আমি টুকিটাকিতে চা খাচ্ছিলাম। ওইসময় মার্কেটিং ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তখন ফারাবি মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের দিকে ডিম ছুড়ে মারতে গিয়ে আমার গায়ে মারে। এতে আমি রেগে গিয়ে তাকে আঘাত করি, সেও পাল্টা আঘাত করে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, অভিযোগ পেয়ে যাচাই-বাছাই চলছে। দুইপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবো।