বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, ‘শুধু সেলফি নয়, দয়া করে একতারা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আর জয়লাভ করতে পারলে সাধ্যমতো এলাকার উন্নয়ন করা হবে।’
শনিবার (২৮ জানুয়ারি) রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার ভক্তরা তাকে ঘিরে ধরে সেলফিতে তুলতে মেতে উঠলে তিনি এ কথা বলেন।
সেলফি শেষে হিরো আলম কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে আশপাশের বিভিন্ন দোকানে প্রচারণা চালান। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও তাকে নির্বাচনে বিজয়ী করতে দলমত নির্বিশেষে একতারা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
এ ছাড়া তিনি পোস্টার, লিফলেট ও মাইকে সজ্জিত ট্রাকযোগে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই, ত্রিমোহনী বাজারসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। ট্রাকে লাগানো মাইকে নির্বাচনি প্রচারণা চলছিল। তিনি একতারা হাতে ট্রাকের ওপর দাঁড়িয়ে ভোটারদের শুভেচ্ছা জানান।
হিরো আলম ট্রাক থেকে হাত নেড়ে ভোট প্রার্থনা করেন। আবার মাঝে মাঝে জনবহুল এলাকায় ট্রাক থেকে নেমে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বিভিন্ন বয়সের ভোটারদের সেলফি তোলার সুযোগ দেন।
হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পাওয়া হিরো আলম বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপনির্বাচনে সদর আসনে তার প্রতিদ্বন্দ্বী ১১ ও বগুড়া-৪ আসনে ছয় জন। জয়লাভের বিষয়ে হিরো আলম খুবই আশাবাদী। গত নির্বাচনে তিনি বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত
হারিয়েছিলেন।