ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেফতার রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে রাজশাহীর আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এর আগে বেলা সাড়ে ১১টার মহিবুল ইসলামের কার্যালয়ে অভিযান চালায় দুদকের টিম। অভিযানের সময় উত্তপ্ত হয়ে ওঠে পুরো অফিস। এ সময় ঘুষের অর্থসহ হাতেনাতে ধরা পড়েন এই কর্মকর্তা। তখন দুদক কর্মকর্তাদের ওপর চড়াও হন অফিসের কর্মকর্তারা। কর অফিসের কর্মচারীরা দরজা ভাঙচুর করেন। অবরুদ্ধ করা হয় দুদক কর্মকর্তাদের। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এরপর দুপুর আড়াইটার দিকে পুলিশের সহায়তায় ওই কর্মকর্তাকে আটক করে দুদক। বিকালে তার বিরুদ্ধে মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসেন বলেন, ‘ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর দুদক তার বিরুদ্ধে মামলা করে। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় উপ-কর কমিশনার হাতেনাতে আটক
এ বিষয়ে দুদকের রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান বলেন, অভিযোগকারী একজন নারী গাইনি চিকিৎসক। তাকে আয়করের ফাইল রিওপেন ও মামলার ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন ওই কর্মকর্তা। এ বিষয়ে তিনি দুদকে অভিযোগ করেন। আজ সেই ৬০ লাখ টাকার প্রথম কিস্তির ১০ লাখ দেওয়ার সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় কর অফিসের কর্মচারীরা আমাদের ওপর চড়াও হন।’
গ্রেফতার মহিবুল ইসলাম ভূঁইয়া রাজশাহী কর অঞ্চলের সার্কেল-১৩-এর উপ-কমিশনার। ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মহিবুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমাকে দুদক কর্মকর্তারা মারধর করেছেন।’ এ সময় তার ঘাড়ে একটি আঘাতের চিহ্ন দেখা যায়।
তবে দুদকের বিভাগীয় পরিচালক কামরুল আহসান বলেন, ‘তাকে মারধর করা হয়নি। আটক করে আনার সময় তার অফিসের কর্মচারীদের সঙ্গে আমাদের ধস্তাধস্তি হয়েছিল। তখন হয়তো আঘাত পেয়েছেন।’