‘এবার নির্বাচিত হলে রাজশাহীতে ৫০ হাজার কর্মসংস্থান তৈরি করবো’

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লিটনের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর রাজশাহীতে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসাহ ছড়িয়ে পড়ে। এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

শনিবার বিকালে রাজশাহী দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করে ভোটারদের উদ্দেশে বলেন, আবার জয়ী হলে অন্তত ৫০ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করবো। সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

মেয়র লিটন বলেন, দুই মেয়াদে আমি মেয়র থাকাকালে গ্রিন সিটি, ক্লিন সিটির জন্য রাজশাহী সিটি করপোরেশন পরপর চার বার পুরস্কার অর্জন করেছে। পুনরায় মেয়র নির্বাচিত হলে এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি আরও আধুনিক সিটি গড়তে যা যা করা দরকার তা করবো। রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ ইতিমধ্যেই গড়ে উঠেছে। সেখানে নারী উদ্যোক্তাদের কর্মসংস্থানের জন্য ৫০ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণের ব্যবস্থা করা হবে। যাতে রাজশাহীতে কেউ বেকার কিংবা কর্মহীন না থাকে।

নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনি ইশতেহার তৈরির কাজ করছি। ২০১৮ সাল থেকে রাজশাহীতে ব্যাপক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করেছি। অনেক কাজ চলমান আছে। করোনাকালে মানুষকে দফায় দফায় খাদ্য, নগদ অর্থ, বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে, রাজশাহীর মানুষ তা মনে রাখলে নির্বাচনে জয় পাওয়া কঠিন কিছু হবে না।

মেয়র বলেন, ইতিমধ্যে পরিচ্ছন্ন-সবুজ নগরী গড়তে সক্ষম হয়েছি। দুইবার পরিবেশ পদক অর্জন করেছি। ইপিআই কার্যক্রমে রাজশাহী সিটি করপোরেশনের টানা ১১ বার জাতীয়ভাবে সেরা হয়েছে। পরিচ্ছন্নতা, সবুজ ও আলোকায়নে আমরা দেশে-বিদেশে সুনাম অর্জন করেছি। এখন আমাদের প্রয়োজন কর্মসংস্থান। কর্মসংস্থানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ বাস্তবায়িত হয়েছে। সেখানে যাতে উদ্যোক্তারা কাজ শুরু করতে পারেন- সে বিষয়ে সহযোগিতা করা হবে। নারী উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে বিনা সুদে ঋণ দেওয়া হবে। আগামী পাঁচ বছরে অন্ততপক্ষে ৫০ হাজার তরুণ-তরুণীর কর্মের ব্যবস্থা করে দিতে চাই।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চায় বিশ্বাসী। আমরা গণতান্ত্রিকভাবে এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মনোনয়ন দাখিল করেছিলাম। সেটি আজকে চূড়ান্ত হয়েছে। লিটনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী নির্বাচনে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ।

লিটনের পাশাপাশি রাসিক নির্বাচনে এবার নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সহ-সভাপতি মাহফুজুল আলম লোটনও নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।