রাজশাহী মহানগরীর চোদ্দপাই এলাকায় বাসচাপায় স্বামীর মোটরসাইকেলে থাকা নারী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামীসহ আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে একতা বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বেলি বেগম (৪২)। আহত হয়েছেন রাজশাহীর দূর্গাপুর এলাকার চৌবাড়িয়া তাসের উদ্দিনের ছেলে আবু তালেব (৪৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন পিটালিতলা এলাকার বাবুর স্ত্রী নিরালা বেগম (২৮)। তিনি বাসের যাত্রী ছিলেন।
নগরীর মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে রাজশাহীর দিকে আসছিল। আর নগরী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেল। চৌদ্দপায় আইবিএ ভবনের সামনে সংঘর্ষ হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধারের পর রাজাশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।