বগুড়ার সোনাতলা রেলস্টেশনের পাশে ও দুপচাঁচিয়ার তালোড়া রেল স্টেশনে ট্রেনে কেটে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ মে) সকালে এসব ঘটনা ঘটে।
মৃতেরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার হারিয়াকান্দি গ্রামের আহমেদ সরকারের মেয়ে তানজিলা আকতার (৩০) ও আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম উত্তরপাড়ার আমজাদ হোসেনের স্ত্রী কোহিনুর বেগম (৫২)। কোহিনুর দুপচাঁচিয়ার তালোড়া বাজার সিনেমা হল রোডে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বাস করতেন।
স্থানীয়রা জানান, তানজিলা সকালে সোনাতলা রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। সকাল ৯টার দিকে সান্তাহার ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। তানজিলা স্টেশনের কাছে স্টেডিয়াম মাঠ এলাকায় ট্রেনে কেটে মারা যান।
বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, তানজিলা মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছিল। কোনও অভিযোগ না থাকায় দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দুপচাঁচিয়ার তালোড়া রেলওয়ে স্টেশন মাস্টার মারুফা শারমিন জানান, সকালে সান্তাহার ছেড়ে আসা লালমনিরহাটগামী কমিউটার ট্রেন তালোড়া স্টেশনে যাত্রা বিরতি করে। ৭টার দিকে ট্রেন গন্তব্যের দিকে রওনা হয়। এ সময় কোহিনুর চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। দুই পা কেটে আহত হন। দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। প্রশাসনের অনুমতিতে স্বজনরা লাশ নিয়ে গেছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।