ফাতেমার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহীরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা আফরোজ ফাতেমার রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিজভী আহম্মেদ ভূঁইয়ার সঞ্চলনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফাতেমার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। জানতে পেরেছি ফাতেমার মৃত্যুর খবর শুনেও তার স্বামী আসেননি। এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ সময় মানববন্ধন থেকে শিক্ষার্থীরা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর টিকাপাড়া গোরস্থান এলাকার শুকুর আলীর বাড়িতে ফাতেমার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মৃত শিক্ষার্থী ফাতেমা এবং তার স্বামী রুবেল রাজশাহীতে ওই বাড়িতে ভাড়া থাকতেন। শুকুর আলী বিষয়টি বোয়ালিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ফাতেমার লাশ উদ্ধার করে।
/এআর/এমপি/এমএনএইচ/