বগুড়ায় মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় হাফিজুর রহমান (৫৪) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২৪ মে) সকালে শহরের ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাফিজুর বগুড়ার ধুনট উপজেলার সারোয়া পাঁচথুপি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
পুলিশ জানায়, পরিবার নিয়ে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন হাফিজুর। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বাসে উঠার জন্য ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুড়িগ্রাম ছেড়ে আসা সিরাজগঞ্জগামী অপরূপা পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যান।
সদর থানার এসআই রহিম উদ্দিন জানান, বাসটি নিশিন্দারা উপশহর ফাঁড়ির হেফাজতে রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাফিজুরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।