রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল মঙ্গলবার (২৩ মে)। এর মধ্যে ২০ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে যাচাই-বাছাইসহ সব ধরনের প্রক্রিয়া ঠিক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হতে যাচ্ছেন রবিউল। তিনি নগরীর রাণীবাজার মুন্সিডাঙ্গা এলাকার হাতেম আলীর ছেলে ও বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলর।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চলতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গত ২৩ মে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একমাত্র রবিউল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিউল একক প্রার্থী হলেও যাচাই-বাছাইসহ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে নির্বাচিত ঘোষণা দেওয়ার সুযোগ নেই। কারণ যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলও হতে পারে। তাই মনোনয়নপত্র বৈধ হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল। এই ওয়ার্ডে আমি একাই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনোনয়নপত্র উত্তোলন কিংবা জমা দেননি। প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক একজন কাউন্সিলরসহ দুই জনের নাম শোনা যাচ্ছিল। কিন্তু বিএনপির কারও নির্বাচনে না যাওয়ার নির্দেশনার কারণে একজন নিজেকে সরিয়ে নেন। এ ছাড়া সাবেক এক কাউন্সিলর প্রার্থী হওয়ার আগে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ওয়ার্ডে ঘুরে কোনও সাড়া পাননি। ফলে তিনিও প্রার্থী হননি।
কেউ প্রার্থী না হওয়ার কারণ জানতে চাইলে রবিউল ইসলাম বলেন, গত পাঁচ বছরে এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছি। ওয়ার্ডবাসীর আস্থাও অর্জন করেছি। আমাকে ভালোবেসে তাই কেউ মনোনয়নপত্র জমা দেননি। আমি এলাকাবাসীর জন্য আগামীতে আরও কাজ করতে চাই।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৬ হাজার ৫৭৮ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ১৪০ জন। নারী ভোটার ৩ হাজার ৪৩৮ জন।
রাসিক নির্বাচনে মেয়র পদে চার জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২৪ জন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ জন।
প্রসঙ্গত, সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে বৃহস্পতিবার (২৫ মে)। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। আগামী ২১ জুন ৩০টি ওয়ার্ডের ১৫২টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হবে।