প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০১ জুন) সন্ধ্যায় শহরের সাতমাথা থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল রাজি জুয়েলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার রায়, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, আনোয়ার পারভেজ রুবন, আবু সুফিয়ান সফিক, কামরুল হুদা উজ্জ্বল ও আলমগীর বাদশা।
বক্তারা বলেন, এই বাজেট ইতিহাসের সবচেয়ে বড়। করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলা ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। এই বাজেট মানবতার বাজেট, এই বাজেট মানুষের অধিকারের বাজেট, এই বাজেট মানুষের কল্যাণের বাজেট।
সভায় বক্তারা আরও বলেন, এই আনন্দ মিছিল থেকে দেশের মানুষের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি স্মার্ট বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।