লাঙ্গলের গণসংযোগে ‘নৌকা স্লোগান’ দিয়ে বিপদে জাপা নেতা

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা। এরই মধ্যে লাঙ্গল প্রতীকের গণসংযোগে গিয়ে ‘নৌকা স্লোগান’ তুলেছেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে বিপদে পড়েন তিনি। এ অবস্থায় তাকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (০৬ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার নগরীর সাহেব বাজার এলাকায় গণসংযোগ করেছিলেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তার পাশে থেকে মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু ‘নৌকা মার্কা আছে, নৌকা’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় মেয়র প্রার্থী স্বপন ছাড়া অন্য নেতাকর্মীরাও নৌকা-নৌকা বলে স্লোগান দেন। পরে বিব্রতকর অবস্থায় পড়ে সেখান থেকে ফেরেন স্বপন। 

এরই মধ্যে জাতীয় পার্টির নেতার দেওয়া ‘নৌকা-নৌকা’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ অবস্থায় তার বিরুদ্ধে নেওয়ার কথা জানায় কেন্দ্র।

লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘মিন্টু আমার ছোট ভাই। ভুল করে আমাদের গণসংযোগে নৌকার স্লোগান দিয়েছিল। আসলে গত নির্বাচনে নৌকার প্রার্থীর ভোট করেছিল মিন্টু। এ কারণে ভুল করে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘তার ওই স্লোগানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় কেন্দ্র থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। তবে আমি কেন্দ্রীয় নেতাদের অনুরোধ করেছি, যাতে বহিষ্কার না করেন। ছোট একটা ভুল করে ফেলেছে, কঠোর ব্যবস্থা নিলে তার রাজনৈতিক ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়বে। ভুলটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছি কেন্দ্রীয় নেতাদের। তবে তাকে সাবধান করে চিঠি দেওয়া হবে।’

এ ব্যাপারে জানতে সালাউদ্দিন মিন্টুর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।