রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ২

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৮ জুন) সকালে উপজেলার চন্ডিহারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন রংপুরের মিঠাপুকুর উপজেলার কাপড়িখাল এলাকার সেলিম মিয়ার ছেলে আল আমিন (১৫)। অপরজনের পরিচয় শনাক্তে পিবিআই সদস্যরা কাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা রংপুরগামী বৈশাখী পরিবহনের একটি বাস বুধবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় (২৩) এক যাত্রী মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন নামে এক কিশোরের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। নিহত দুজনের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর বা মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।