ঈদের নামাজ পড়ানো শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইমাম নিহত

বগুড়ার শিবগঞ্জে ঈদুল আজহার নামাজ পড়ানো শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইমাম মোস্তফা কামাল (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে মোকামতলা ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

মোস্তফা কামাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর পূর্বপাড়া গ্রামের ইদ্রিস আলী মন্ডলের ছেলে। তিনি শংকরপুর বাইতুল ইসলাম জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। কিছু মুসুল্লি নামাজ শুরু হওয়ার পর মাঠে পৌঁছান। তখন মোস্তফা কামাল ওইসব মুসল্লিদের নিয়ে ঈদগাহ মাঠের বাইরের রাস্তায় নামাজে ইমামতি করেন। নামাজ শেষে তিনি স্কুটি নিয়ে পাশের গ্রামে কোরবানির পশু জবাই করতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোকামতলা ডাকবাংলো এলাকায় পৌঁছালে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত ইমাম মোস্তফা কামালকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বেলা দেড়টার দিকে মারা যান।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, স্বজনরা হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।