রাজশাহী মহানগরীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যে একটি পরিত্যক্ত পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আসামির নাম মো. পলাশ শেখ (৩৫)। সে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম রায়পাড়া এলাকার মো. শাহীনের ছেলে।
সোমবার (৩ জুলাই) দুপুরে আরএমপি উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম) নূর আলম সিদ্দিকী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি জানান, শনিবার বিকাল ৪টায় নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার এক শিশু নিকটবর্তী দাদির বাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে বাড়িতে ফিরে না যাওয়ায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। না পেয়ে ঘটনার পর দিন শিশুটির বাবা শাহ মখদুম থানায় একটি জিডি করেন। পরে পুলিশের একটি টিম ২ জুলাই নওদাপাড়া বাজারে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায় আসামি পলাশ শেখ গত ১ জুলাই বিকাল ৪টা ৫১মিনিটে অপহরণ করে নিয়ে যাচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তাকে গ্রেফতারের উদ্দেশে বাড়িতে গেলে তার বাবা-মা জানান, তাকে দুই মাস আগে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কিছুক্ষণ পর আসামি তার ভাই শান্তর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। এরই সূত্র ধরে বিভিন্ন মাধ্যমে তদন্ত চালিয়ে গতকাল ভোরে নাটোর জেলার সদর থানার মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখেছে। পরে পলাশকে সঙ্গে নিয়ে শিশুটির লাশ উদ্ধারে অভিযানে নামে পুলিশ। সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজশাহী নগরীর ছোটবনগ্রামে একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।