ইউএনও’র গাড়ি চালককে প্রকাশ্যে রামদা নিয়ে ধাওয়া

নাটোরের নলডাঙ্গা উপজেলা চত্বরে প্রকাশ্যে ইউএনও’র গাড়ি চালককে রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম আহসান হাবিব। অপরজন তার সহযোগী। 

জানা গেছে, মঙ্গলবার সকালে হাবিব ও তার এক সঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি চালক রুবেলকে অস্ত্র হাতে তাড়া করেন। ভুক্তভোগী জীবন বাঁচাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ইউএনও’র কক্ষে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন। এদিকে, তাকে ধরতে না পেরে গায়ের জামা ও অস্ত্র হাতে সিঁড়ি বেয়ে নেমে ভবন থেকে চলে যান অভিযুক্তরা।

স্থানীয়রা বলছেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেন। তবে নলডাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নকুল বলেন, কিছু দিন আগে একটি উপকমিটি করা হয়েছিল। আহসান হাবিব সেই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গাড়িচালক রুবেলের দাবি, কিছু দিন আগে তার ভাই খোকনের কাছ থেকে হাবিব একটি মাইক্রোবাস ভাড়া নেন। কয়েকদিন ব্যবহার করলেও সেই ভাড়ার টাকা পরিশোধ করেননি। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে এলে তার কাছে গাড়ি ভাড়া চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল এবং রামদা নিয়ে তাড়া করে। প্রাণ ভয়ে দৌড়ে বিষয়টি ইউএনও’কে জানান। এই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে হাবিবের মোবাইল ফোন নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

ইউএনও রোজিনা আক্তার জানান, তিনি রুবেলের কাছ থেকে বিষয়টি জেনেছেন। জেলা প্রশাসকসহ সিনিয়র কর্মকর্তাদের জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

পুলিশ সুপার সাইফুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম জানান, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।