দিনা বেগমের পরিবারের সদস্যরা দাবি করেছেন, যৌতুকের কারণে তাদের মেয়েকে হত্যা করে তার শ্বশুর বাড়ির লোকেরা লাশ ঝুলিয়ে রাখে।
জানা গেছে, বগুড়া শহরের কানুচগাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আল আমিন প্রায় ৬ বছর আগে শহরের কাটনারপাড়ার হাবিবুর রহমানের মেয়ে দিনা বেগমকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। বুধবার দুপুরে দিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বামী আল আমিন প্রচারণা চালান। কিন্তু আশপাশের লোকজন এলে তিনি পালিয়ে যান।
দিনার বাবা হাবিবুর রহমান অভিযোগ করেন, আল আমিন যৌতুকের জন্য তার মেয়েকে প্রায়ই মারধর করতো। কিন্তু সন্তানদের কথা ভেবে তার মেয়ে এতদিন সংসার করেছে। তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, পুলিশ ঘরে শোয়ানো অবস্থায় দিনা বেগমের লাশ পেয়েছে। তার বামে হাতে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
/এসএম/