বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলামের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের কাছে কল করে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে জেলা প্রশাসকের ফেসবুক পেজে এ বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেছেন, একটি অসাধু চক্র তার সরকারি মোবাইল নম্বর ০১৭১৩২০২৪৫৫ ক্লোন করে। তার নাম ব্যবহার করে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে কল করে অবৈধভাবে অর্থ দাবি করছে। যা অত্যন্ত ঘৃণিত ও দণ্ডনীয় অপরাধ এবং জেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
তিনি উল্লেখ করেন, এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এভাবে অর্থ দাবি করা প্রতারণা ও জালিয়াতিমূলক অপকর্ম। এ অপকর্ম থেকে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হলো। তার নাম ও সরকারি দুটি নম্বর ব্যবহার করে সেবা দেওয়ার নামে অর্থ বা ঘুষ দাবি করলে না দিতে অনুরোধ করেন। এমন হলে তাকে (ডিসি) জানাতে ও সম্ভব হলে প্রতারক চক্রকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে অনুরোধ করা হয়েছে।
বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান জানান, প্রতারক চক্র তার উপজেলার নাড়ুয়ামালা ও নশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবকে কল দিয়ে অর্থ দাবির কথা শুনেছেন। এ বিষয়ে গাবতলী থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।