পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির ভবন নির্মাণের সময় কমপক্ষে ১৫ জন শ্রমিকের প্রাণ গেলো।
অভিযোগ উঠেছে, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে বিশ্ববিদ্যালয়ে বার বার শ্রমিকের প্রাণ ঝরছে।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির নির্মাণাধীন শেখ রাসেল হল ভবনে কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে দুই শ্রমিক মারা যান।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের চর মসুদেবপুর বাগানপাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে তুহিন ও রমনার গ্রাম ঘাণ্টি গেতাগাড়ী এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন ১২তলা ভবন থেকে রশি ছিঁড়ে পড়ে তিন জন গুরুত্ব আহত হন। তাদের উদ্ধার করে পাবনার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহীতে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।
পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধা বালা বলেন, রশি ছিঁড়ে তিন জন আহত হয়েছিলেন। এর মধ্যে দুই জন মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বার বার শ্রমিকদের মৃত্যুর কারণ নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন অভিযোগ তুললেন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তিনি বলেন, এ বিষয়ে আমরা বারবার ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেছি, কিন্তু ফল হয়নি। এগুলো প্রকল্প পরিচালকের দেখার কথা। তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।