পাবনায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পাবনা জেলা বিএনপি। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে পাবনা জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলামের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকারসহ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে হরতাল কর্মসূচিতে পাবনা জেলা বিএনপির ডাকে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও ৩০ অক্টোবর পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা বিএনপির দেওয়া তথ্যমতে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ এবং পরবর্তী হরতাল-অবরোধে পাবনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে চার শতাধিক নেতাকর্মীকে।