সন্ধ্যায় ফিরে পেলেন প্রার্থিতা, ভোরে এমপি প্রার্থীর মৃত্যু

দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) মারা গেছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

জানা গেছে, গত ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান। তিনি ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। নজিপুর পৌরসভার সাবেক মেয়র ছিলেন। তিনি স্ত্রীসহ এক সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। নওগাঁ-২ আসনটি ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত।

তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি ১৯৮৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবারের নির্বাচনে প্রথমে তার মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতের রিট আবেদনের মাধ্যমে ফেরত পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে নির্বাচনের মাঠে তার তেমন কোনও প্রচার-প্রচারণা লক্ষ্য করা যায়নি।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা জানান, উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পেলে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন।

এই ঘটনায় নির্বাচনের এই আসনে আবার তফসিল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিধি ও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আজ দুপুরের মধ্যেই তা জানানো হবে।

উল্লেখ্য, নওগাঁ-২ আসনে সরকার দলীয় এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থীর তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলমও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।