সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় পাথর আমদানি বন্ধ

port_75432_0চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি আবারও বন্ধ রাখা হয়েছে।  রপ্তানিকারকদের পুনরায় নিম্নমানের পাথর সরবরাহ ও পাথরের মূল্য কমানোর সিদ্ধান্ত উপেক্ষা করায় আমদানিকারকরা রবিবার সকাল থেকে ছোট পাথর আমদানি বন্ধ রেখেছে। এদিকে পাথর আমদানি বন্ধ করায় দুপুর এখন পর্যন্ত অন্য কোনও ভারতীয় পণ্যভর্তি ট্রাক বন্দরে প্রবেশ করেনি । এ ঘটনায় অচলাবস্থা বিরাজ করছে সোনামসজিদ স্থলবন্দরে।
সোনামসজিদ স্থলবন্দর পাথর বিষয়ক উপ-কমিটি আহ্বায়ক কাজী সাহাবুদ্দিন জানান, ভারতীয় রপ্তানিকারকের নিম্নমানের পাথর সরবরাহ ও দফায় দফায় পাথরের মূল্যবৃদ্ধির সৃষ্ট সমস্যার ব্যাপারে গত ১০ ও ২১ ফেব্রুয়ারি মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ও সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন দু’দফা বৈঠকে পরিচ্ছন্ন পাথর সরবরাহ, টনের পরিবর্তে সেফটিতে ওজন এবং প্রতিটন ১৮.৫ ডলারের স্থলে ১৪ ডলারে পাথর দেওয়ার ব্যাপারে একমত হন। কিন্তু বৈঠকের সিদ্ধান্তগুলো গত ২৪ ফেব্রুয়ারী ভারতের মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন মানবে না বলে সোনামসজিদ আমদানিকারক অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানিয়ে দেন।

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তালেব জানান, পুনরায় বার্তা এবং মৌখিকভাবে সমাধানকৃত সিদ্ধান্তগুলো কার্যকরের দাবি জানিয়ে নিরাশ হলে, রবিবার সকাল থেকে ভারতীয় পাথর আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার সাঈদ আহম্মেদ রুবেল জানান, আমদানিকারক ও ভারতের রপ্তানীকারকদের সৃষ্ট সমস্যার জন্য সকাল থেকে পাথরবাহী কোন ট্রাক বন্দরে প্রবেশ করেনি।

উল্লেখ্য, একই দাবিতে আমদানিকারকরা ফেব্রুয়ারি মাসে ৫ দিন পাথর নেওয়া বন্ধ রেখেছিল।

/এআর/