‘খালেদা জিয়াকে মুক্ত করতে যেকোনও ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশ্বের সব চাইতে নির্যাতিত নেত্রী। তাকে মুক্ত করতে যেকোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।’

তার দাবি, ‘তিনি কোনও অপরাধ না করলেও তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নির্যাতন করা হচ্ছে। তাকে কারাগারে প্রাপ্য অধিকারও দেওয়া হয়নি। তাকে বন্দি রেখে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে।’ সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য তিনি দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বুধবার (৩ জুলাই) বিকালে বগুড়া শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলের খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহাবুবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল,  সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি নেতা আহসানুল তৈয়ব জাকির, হামিদুল হক চৌধুরী হিরু, এম আর ইসলাম স্বাধীন, মীর শাহে আলম প্রমুখ।

সমাবেশে অন্য নেতারা বলেন, খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে। তাই যেকোনও মূল্যে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।