বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের সময় জয়পুরহাটের কলেজশিক্ষার্থী নজিবুল সরকার বিশাল (১৮) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) দুপুরে নিহত নজিবুল সরকার বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে আদালতে মামলাটি করেন। জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সদর থানাকে নির্দেশ দেন।
বিষয়টি বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাটের দুজন সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল সরকার বিশাল নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। নজিবুল সরকার পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার ১৪ দিন পর রবিবার বিশালের বাবা বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘আদালতের আদেশের কপি এখনও থানায় পৌঁছায়নি। আদেশের কপি পেলে এজাহার হিসেবে নথিভুক্ত করা হবে।’