বগুড়া জেলা জাতীয়তাবাদী যুবদলের পর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সদ্য বিলুপ্ত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, ‘সংগঠনের কর্মকাণ্ড আরও চাঙা করতে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ বগুড়া জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জেলা ছাত্রদল সূত্র জানায়, গত ২০১৮ সালের ৫ জুন আবু হাসানকে সভাপতি, নূরে আলম সিদ্দিকী রিগ্যানকে সাধারণ সম্পাদক, আবু জাফর জেমসকে সহসভাপতি, সোহেল রানাকে যুগ্ম সম্পাদক ও রবিউল ইসলাম আওয়ালকে সাংগঠনিকে সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই বছরের ৯ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সাইদুল ইসলামকে সিনিয়র সহসভাপতি করা হয়।
২০১৫ সালের ১৫ মে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তৎকালীন আহ্বায়ক সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে অবাঞ্ছিত ঘোষণা ও দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় জড়িত থাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১৬ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর মধ্যে জেলা ছাত্রদলের সহসভাপতি আবু জাফর জেমস ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম আওয়ালকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ ছাড়া ২০২০ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুগ্ম সম্পাদক সোহেল রানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। প্রায় দেড় বছর আগে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব করা হয়। এরপর থেকে সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন।